গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে ১০টিরও বেশি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে ছিল বাহাদুরসাদী, মোক্তারপুর, জাঙ্গালিয়া ও বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা এবং পূজা উদযাপনে অনুদান প্রদান করেন।

এ সময় একেএম ফজলুল হক মিলন বলেন, “আমরা সব ধর্মের অনুসারীদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক জিয়ার হাতে দেশ নিরাপদ। তবে নানা ধরনের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানের এ উদ্যোগকে দুর্গাপূজা উদযাপনে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।







































