কালীগঞ্জ প্রতিনিধি, গাজীপুর: কালীগঞ্জে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পৌর এলাকার আর আর এন সরকারি পাইলট স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহিম প্রধান ও বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খাইরুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: লুৎফর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, “এই ফেব্রুয়ারিতেই আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনারা যদি অতীতের মতো আমার পাশে থেকে সহযোগিতা করেন, তাহলে আমি এই জনপদকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফের জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।








































