কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, দলের দুর্দিনে যারা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বিএনপির পাশে ছিলেন, তাদের সঙ্গে নিয়েই কালীগঞ্জের উন্নয়নে কাজ করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। দলের দুঃসময়ের এসব ত্যাগী নেতাকর্মীই বিএনপির মূল শক্তি।
তিনি বলেন, “দুর্দিনের বিশ্বস্ত সৈনিকদের সঙ্গে নিয়েই কালীগঞ্জের উন্নয়নে কাজ করব।” একই সঙ্গে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








































